
বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল অবশেষে ঘোষিত হয়েছে। সরকারি চাকরির আকর্ষণ তাই এখন আরও বেশি, আর ধারণা করা হচ্ছে, আসন্ন বিসিএস প্রিলিমিনারিতে জমা পড়বে এযাবৎকালের সর্বোচ্চ আবেদন। পিএসসির রোডম্যাপ অনুযায়ী সার্কুলার আসছে আগামী নভেম্বরেই।হাতে সময় খুব অল্প, অথচ স্বপ্নটা পূরণ করতেই হবে! আর সেই স্বপ্নের পথে প্রথম ধাপটিই হলো প্রিলিমিনারি পরীক্ষা। সুখবর হলো, ২০০ নম্বরের এই পরীক্ষায় মোটামুটি ৬০ শতাংশ নম্বর পেলেই প্রিলির বাধা পেরিয়ে যাওয়া সম্ভব।বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখেন লাখো তরুণতরুণী। কিন্তু এই সোনার হরিণ ধরা দেয় তাঁদের কাছেই, যাঁরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন এবং প্রস্তুতিটা সাজান কৌশলের সঙ্গে। ‘দ্য আলকেমিস্ট’ বইয়ে পাওলো কোয়েলহো লিখেছিলেন,
“কেউ যখন মনেপ্রাণে কিছু চায়, পুরো বিশ্বপ্রকৃতি তখন তাকে সেটি পাইয়ে দিতে ষড়যন্ত্র করে।”
তাই ক্যাডার হওয়ার সিদ্ধান্ত যদি নিয়েই ফেলেন, তবে আর এক দিনও দেরি নয়, আজ থেকেই একাগ্র হয়ে পড়তে বসুন।
সিলেবাস বুঝে নিই :
একেবারে নতুন হলে শুরুটা করুন এখান থেকে। গুগলে খুঁজলেই সর্বশেষ বিসিএসের হালনাগাদ সিলেবাস পেয়ে যাবেন। চোখ বুলিয়ে দেখে নিন : বিষয় কয়টি, কোনগুলো, আর প্রতিটির পরিধি কতখানি। সেই সঙ্গে খোঁজ নিন, আপনার অনার্সের বিষয়ের সঙ্গে মেলে এমন কোনো টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার আছে কি না; এ ক্ষেত্রে সর্বশেষ বিসিএসের সার্কুলারটি বেশ কাজে দেবে।
বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করি :
সিলেবাস ভালোভাবে আত্মস্থ করার সবচেয়ে কার্যকর হাতিয়ার হলো বিগত সালের প্রশ্ন। আমার পরামর্শ, সর্বশেষ ১০টি সাধারণ বিসিএসের প্রশ্ন নিয়ে রীতিমতো গবেষণা করুন। খেয়াল করুন, আমি শুধু ‘পড়া’র কথা বলছি না, বলছি ‘গবেষণা’র কথা। উত্তরসহ প্রশ্নগুলো যখন খুঁটিয়ে দেখবেন, তখন ধীরে ধীরে কয়েকটি জিনিস পরিষ্কার হতে থাকবে : প্রতিবার প্রশ্ন কীভাবে সাজানো হয়, একই টপিক কোন কোন দৃষ্টিকোণ থেকে ঘুরেফিরে আসে, কোন ধরনের প্রশ্নের উত্তর জানা জরুরি, কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে, সিলেবাসের গণ্ডির মধ্যে থেকেও প্রশ্নে কীভাবে নতুনত্ব আসে, আর কোন বিষয় ঠিক কতটা গভীরে গিয়ে পড়তে হবে।এই বিশ্লেষণই হবে আপনার প্রস্তুতির কম্পাস; কোন টপিক পড়বেন আর কোনটা নির্দ্বিধায় বাদ দেবেন, সেই দিকনির্দেশনা আসবে এখান থেকেই। প্রশ্নের সঙ্গে উত্তর ও ব্যাখ্যাগুলোও মন দিয়ে পড়ুন। এতে একসঙ্গে অনেক টপিকের মৌলিক ধারণা তৈরি হয়ে যাবে, যা প্রস্তুতির শুরুতেই বড় একটা বাড়তি পাওনা।
বিগত সালের সব প্রশ্ন নির্ভুল ব্যাখ্যাসহ এক জায়গায় পেতে চাইলে brritto App-এর ‘বিসিএস জব সলিউশন’ কোর্সটি দেখতে পারেন। সেখানে প্রতিটি বিসিএসের প্রশ্নের সমাধান ব্যাখ্যাসহ দেওয়া আছে।
১০০ দিনে বিসিএস প্রস্তুতি :
এবার আসা যাক মূল পরিকল্পনায়: মাত্র ১০০ দিনে কীভাবে বিসিএসের প্রস্তুতি গুছিয়ে নেবেন।
১০০ দিনকে বিসিএসের বিষয়গুলোর মধ্যে বণ্টন করলে প্রতিটির ভাগে পড়ে কমবেশি ৮ দিন। প্রশ্ন জাগতেই পারে, এত কম সময়ে কি এত বড় সিলেবাস শেষ করা সম্ভব?
উত্তর : সম্ভব! বিসিএসের এমন কোনো বিষয় নেই, যা আপনি পড়াশোনার কোনো না কোনো পর্যায়ে পড়েননি কিংবা দৈনন্দিন জীবনে যার কথা শোনেননি। হ্যাঁ, কিছু টপিক হয়তো আপনার চেনা পরিসরের চেয়ে বিস্তৃত বা গভীর, কোনো কোনো বিষয়ে দুর্বলতাও থাকতে পারে। নিয়মিত পরীক্ষা আর রিভিশনের মধ্য দিয়ে সেই ঘাটতিও পূরণ হয়ে যাবে, সে কথায় আসছি একটু পরেই।
একটি কার্যকর উপায় হলো প্রতিটি বিষয়ের সিলেবাস ছোট ছোট ভাগে ভেঙে বিগত সালের প্রশ্নের আলোকে ৬ দিনে শেষ করা, আর সপ্তম দিনটি রাখা শুধু রিভিশনের জন্য।
তবে চাইলে প্রতিদিন আলাদা আলাদা বিষয় ঘুরিয়ে-ফিরিয়েও পড়তে পারেন। নিয়মটা এখানে মুখ্য নয়; যেভাবে পড়লে আপনার প্রস্তুতি সবচেয়ে ভালো এগোয়, রুটিনটা সেভাবেই সাজান।
সিলেবাসকে দিনভিত্তিক ভাগে সাজাতে সাহায্য করবে brritto App-এ চলমান ফ্রি লাইভ এক্সাম সিরিজ ‘৫১তম বিসিএস : শতদিনে শতভাগ প্রস্তুতি’ এর রুটিন’। এটি পাবেন brritto – Jobs ফেসবুক পেজে, কিংবা পেজের ইনবক্সে একটা মেসেজ দিলেই।
নিয়মিত পরীক্ষা দেওয়ার বিকল্প নেই :
বিসিএস একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা, তাই শুধু পড়ে গেলেই হবে না; যা পড়ছেন তা কতটা আয়ত্তে এল, সেটাও নিয়মিত যাচাই করা চাই। এর সবচেয়ে ভালো উপায় লাইভ এক্সাম দেয়া। চাইলে আসল পরীক্ষার মতো ওএমআর শিটে বৃত্ত ভরাট করেও অনুশীলন করতে পারেন। মাধ্যম যা-ই হোক, নিয়মিত পরীক্ষার কোনো বিকল্প নেই।
নিয়মিত পরীক্ষা দিলে প্রতিবারই নতুন নতুন প্রশ্নের মুখোমুখি হবেন, তাতে জানার আগ্রহও বাড়বে। অন্যরা কেমন নম্বর পাচ্ছেন, প্রতিযোগিতায় আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, কোন বিষয়ে এখনো ঘাটতি রয়ে গেছে – এসব তো পরিষ্কার হবেই, পাশাপাশি প্রতিটি পরীক্ষা আপনার প্রস্তুতিকে আরেকটু ঝালাই করে দেবে।
রিভিশন ও মডেল টেস্টের প্রয়োজনীয়তা :
১০০ দিনে টপিকভিত্তিক পরীক্ষাগুলো শেষ হলে প্রতিটি বিষয়ের জন্য আলাদা করে রিভিশন পরীক্ষা দিন। মনে রাখবেন, অনেক কিছু পড়েও যদি রিভাইজ না করেন, পরীক্ষার হলে সেই পড়া প্রায় কোনো কাজেই আসবে না। তাই এ পর্যায়ে সাবজেক্ট ফাইনাল রিভিশন টেস্টে অংশ নেওয়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
সবশেষে আসি মডেল টেস্টের কথায়। টপিক ধরে ধরে পুরো সিলেবাস শেষ করার পর আপনার সবচেয়ে কার্যকর পদক্ষেপ হবে ২০০ নম্বরের পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেওয়া। এতে সময় ব্যবস্থাপনা, চাপের মধ্যে মাথা ঠাণ্ডা রাখা, প্রশ্ন পড়া ও উত্তর করার কৌশল –সবকিছুরই একটা পুরোদস্তুর মহড়া হয়ে যাবে, যা আসল পরীক্ষার দিন আপনাকে অনেকটা এগিয়ে রাখবে।
পরীক্ষার তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গেই brritto App-এ শুরু হবে ফ্রি মডেল টেস্ট সিরিজ। তাই কোথায় মডেল টেস্ট দেবেন, কিংবা ক্যাডার কর্মকর্তাদের তৈরি মানসম্মত প্রশ্ন কোথায় পাবেন, তা নিয়ে আর দুশ্চিন্তার কিছু নেই। আপনি শুধু ধৈর্য ধরে লেগে থাকুন, স্বপ্নপূরণ আর জ্ঞানার্জনের ক্ষুধাটা জিইয়ে রাখুন; এই পথচলায় brritto App আছে আপনার পাশে।
প্রস্তুতি কেমন চলছে, জানাতে পারেন brritto – Jobs ফেসবুক পেজে। স্বপ্নের পথে চলতে গিয়ে যেকোনো পরামর্শ দরকার হলেও নির্দ্বিধায় লিখুন সেখানে।
পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক একবার বলেছিলেন, “বিসিএস মেধাবীদের জন্য নয়, বিসিএস হলো ধৈর্যশীল মেধাবীদের জন্য।” সেই ধৈর্যটুকু ধরে রাখতে পারলে স্বপ্নের দেখা আপনিও পাবেন।
