চাকরিপ্রার্থীদের আড্ডায় ‘আইবিএর প্রশ্ন’ কথাটা উঠলেই অনেকে একটু দমে যান। কারণও আছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কিংবা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (AD) পদের নিয়োগ পরীক্ষার দায়িত্ব যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ পায়, প্রশ্নের ধরন তখন আর চেনা ছকে থাকে না। শুধু মুখস্থ করে এখানে বেশি দূর যাওয়া যায় না। আইবিএ দেখতে চায়, আপনি যুক্তি দিয়ে কতটা ভাবতে পারেন, ভাষা কতটা বোঝেন আর চাপের মধ্যে কত দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন।
অনেকে ভাবেন, আইবিএ মানেই ইংরেজি আর গণিত। আসলে আইবিএর প্রশ্ন সাধারণত পাঁচটি বিষয় থেকে আসে : গণিত, ইংরেজি, Analytical ability বা বিশ্লেষণী ক্ষমতা, বাংলা আর সাধারণ জ্ঞান। সাম্প্রতিক কয়েকটি পরীক্ষায় অবশ্য সাধারণ জ্ঞান অংশটি বাদ গেছে, কিছু পরীক্ষায় তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশ্ন বেশি এসেছে, যদিও মূল প্রাধান্য পূর্বোক্ত বিষয়গুলোই বেশি পেয়েছে। পরীক্ষায় সাধারণত MCQ আর লিখিত, দুই অংশই থাকে। কোন বিষয়ে কী ধরনের প্রশ্ন আসে, কোন বই থেকে পড়বেন আর কোথায় সময় বাঁচাবেন, brritto-এর এই গাইডে সেটাই এক এক করে বলছি।
০১. গণিত (Mathematics & Quantitative Aptitude)
আইবিএর গণিত বিসিএস বা অন্য সরকারি চাকরির গণিতের মতো নয়। প্রশ্ন আসে ইংরেজিতে, আর প্রতিটি প্রশ্নের জন্য সময় থাকে খুব কম।
- কোন বই পড়বেন : ভিত্তি মজবুত করতে Nova’s GRE Math Bible আর GMAT Official Guide-এর গণিত অংশ সমাধান করুন।
পরীক্ষার হলে লম্বা সমীকরণ কষার সময় পাবেন না। তাই অপশন টেস্ট (উত্তরের বিকল্পগুলো প্রশ্নে বসিয়ে মিলিয়ে দেখা) আর ব্যাক ক্যালকুলেশন করে ৫ থেকে ১০ সেকেন্ডে উত্তর বের করার কৌশলগুলো রপ্ত করুন। প্রশ্নপত্রে কিছু অঙ্ক থাকে একেবারে সহজ, চোখ বুলিয়েই করে ফেলা যায়; সেগুলো আগে সেরে ফেলুন। কোনো অঙ্ক দেখে সময়সাপেক্ষ মনে হলে আপাতত ছেড়ে দিন, শেষে সময় থাকলে ফিরে আসবেন।
০২. ইংরেজি (English Language & Communication)
আইবিএর ইংরেজিতে দেখা হয় শব্দ আর বাক্যের প্রয়োগ : কোন শব্দ কোন প্রসঙ্গে বসে, কোন বাক্যের কোথায় ভুল লুকিয়ে আছে। তাই গ্রামারের নিয়ম মুখস্থ করার চেয়ে প্রয়োগটা বোঝায় বেশি সময় দিন।
- Synonym, Antonym ও Analogy: এ ধরনের প্রশ্নে প্রায়ই কাছাকাছি অর্থের একাধিক অপশন থাকে, তাই আন্দাজে দাগালে ভুলের ঝুঁকি বেশি। শব্দভাণ্ডার বাড়াতে Word Smart I ও II আর Barron’s GRE-র শব্দতালিকা ভালো করে পড়ুন।
- Sentence Correction & Pinpoint Error: এখানে যাচাই করা হয় গ্রামার আপনি কতটা নিখুঁতভাবে জানেন। প্রস্তুতির জন্য GMAT Official Guide-এর পুরোনো কোনো সংস্করণের Sentence Correction অংশ (নতুন সংস্করণে অংশটি আর নেই) কিংবা Cliffs TOEFL-এর গ্রামার অংশ বেশ কাজে দেয়।
০৩. অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি (Analytical Ability)
অনেকের কাছে এই অংশটাই সবচেয়ে ভয়ের। অথচ প্রশ্নের ধরনটা একবার ধরে ফেললে আর মাথা ঠান্ডা রাখতে পারলে এখান থেকেই পুরো নম্বর তোলা যায়।
- Analytical Puzzles: কয়েকটি শর্ত দিয়ে মানুষ, জিনিস বা ঘটনা সাজাতে বলা হয়, এমন পাজলের জন্য GRE Big Book-এর অ্যানালিটিক্যাল সেকশনটি ভালো করে অনুশীলন করুন। সব শর্ত মাথায় রেখে সমাধান করতে যাবেন না; প্রশ্নপত্রের ফাঁকা জায়গায় ছোট একটা ছক বা ডায়াগ্রাম এঁকে নিলে ভুল অনেক কমে যায়।
- Data Sufficiency: দেখতে গণিতের মতো হলেও এখানে পুরো অঙ্ক কষে উত্তর বের করতে হয় না। শুধু বুঝতে হয়, দেওয়া তথ্য দিয়ে উত্তর বের করা সম্ভব কি না। অনুশীলনের জন্য GMAT Official Guide-এর Data Sufficiency প্রশ্নগুলোই সবচেয়ে উপযোগী।
- Critical Reasoning: ছোট একটা অনুচ্ছেদে কোনো দাবি থাকে, আর জানতে চাওয়া হয় কোন তথ্য সেটাকে দুর্বল বা জোরালো করবে, কিংবা দাবিটা কোন অনুমানের ওপর দাঁড়িয়ে আছে। আগে বুঝে নিন লেখক কী প্রমাণ করতে চাইছেন, তারপর প্রতিটি অপশন মিলিয়ে দেখুন শুধু অনুচ্ছেদের যুক্তির সঙ্গে; নিজের জানা তথ্য এখানে টেনে আনবেন না। GMAT Official Guide-এর Critical Reasoning অংশটা পুরো শেষ করলে প্রশ্নের ধরনগুলো হাতে চলে আসবে।
০৪. বাংলা (Bangla Language & Literature)
আইবিএর বাংলা প্রশ্ন সাধারণত বেশ মানসম্মত হয়। মুখস্থ তথ্যের চেয়ে ভাষাটা আপনি কতটা বোঝেন, সেটাই এখানে বেশি দেখা হয়।
- বাংলা ব্যাকরণ: বাংলা অংশে সবচেয়ে বেশি প্রশ্ন আসে ব্যাকরণ থেকে, আর সেখানেও জোর থাকে প্রয়োগে, যেমন শুদ্ধ বানান, বাক্যশুদ্ধি বা শব্দের সঠিক ব্যবহার। ভিত্তি পাকা করতে নবম-দশম শ্রেণির বোর্ডের ব্যাকরণ বইয়ের পাশাপাশি সৌমিত্র শেখরের ‘বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা’ বইটি পড়ে নিন।
- বাংলা সাহিত্য: প্রাচীন ও মধ্যযুগ থেকে আধুনিক কাল পর্যন্ত প্রধান কবি-সাহিত্যিকদের (যেমন রবীন্দ্রনাথ, নজরুল, প্রমথ চৌধুরী) বিখ্যাত রচনা, চরিত্র আর উক্তি থেকে প্রশ্ন হয়। তবে এই অংশ থেকে প্রশ্ন আসে তুলনামূলক কম, তাই আলাদা করে মোটা বই না পড়ে বিসিএসসহ অন্যান্য চাকরির পরীক্ষার বিগত প্রশ্নগুলো ব্যাখ্যাসহ দেখে নিলেই চলবে।
০৫. সাধারণ জ্ঞান (General Knowledge & Current Affairs)
আইবিএর সাধারণ জ্ঞানের প্রশ্ন আসে মূলত অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি আর দেশ-বিদেশের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনা থেকে। খেয়াল রাখবেন, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক আর সমন্বিত ব্যাংকের সিনিয়র অফিসার (জেনারেল) পরীক্ষা থেকে সাধারণ জ্ঞান অংশ বাদ দেওয়া হয়েছে। তবে পেট্রোবাংলাসহ অন্যান্য প্রতিষ্ঠানের পরীক্ষায় এখনো এই অংশ থেকে প্রশ্ন আসে।
প্রস্তুতির জন্য গত চার মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ুন, আর বিসিএসসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো ব্যাখ্যাসহ দেখে নিন। পাশাপাশি রোজ পত্রিকা পড়ার অভ্যাস করুন: Daily Star-এর Opinion, Editorial আর Business পাতা, সঙ্গে প্রথম আলোর মতামত, সম্পাদকীয় এবং অর্থ ও বাণিজ্য পাতা। এতে সাধারণ জ্ঞান তো বাড়বেই, লিখিত পরীক্ষার ফ্রি হ্যান্ড রাইটিংয়েও বড় সুবিধা পাবেন। নিয়মিত মতামত কলাম পড়লে গুছিয়ে, যুক্তি দিয়ে লেখার হাতটা এমনিতেই তৈরি হয়ে যায়।
শুরুতে আইবিএ প্যাটার্নের প্রশ্ন কঠিন লাগাটাই স্বাভাবিক। কিন্তু পাঁচটি বিষয়ে ভারসাম্য রেখে পড়লে আর নিয়মিত ঘড়ি ধরে প্রশ্ন সমাধান করলে ধীরে ধীরে প্রশ্নের ধরনটা চেনা হয়ে যায়। তাই আজই একটা পূর্ণ সেট প্রশ্ন সমাধান করে দেখুন, কোন বিষয়ে আপনি পিছিয়ে আছেন। প্রস্তুতি শুরু হোক সেখান থেকেই।
প্রস্তুতির দিনগুলোতে নিয়মিত অনুশীলন আর নিজেকে যাচাই করার জন্য গুগল প্লে স্টোর থেকে brritto অ্যাপটি ডাউনলোড করে নিন। প্রতিটি ধাপে আপনার পাশে আছে brritto!
